-‘ভাই’টির কি মন খারাপ?’
-‘তা একটু’।
-‘একটু ! না, কিঞ্চিত বেশী?’
-‘হুম্। বেশীর দিকেই মনে হচ্ছে।’
-‘এমন সুন্দর সাজানো গোছানো পার্কে একা একা মুখ লটকে বসে আছ,
হাতে স্মার্টফোনও নেই। কারণটা আন্দাজ করেছি। বলব?’
-‘বলেই ফেলুন।’
-‘প্রেমে ছ্যাঁকা।’
-‘না স্যর। উল্টো।’
-‘সে কি! এ যে দেখছি ‘হংসমধ্যে বক যথা’। তোমার বয়সী ছেলে’রা যেখানে প্রেমে ভরাডুবি হওয়ার জন্য সদাপ্রস্তুত সেখানে তোমার দেখছি জলাতঙ্ক।’
-‘কি আর বলি স্যর। স্যর’ই বলছি আপনাকে। আপনি আপনার বয়ঃজ্যেষ্ঠ। আসলে আমি মেয়েদের থেকে একটু দুরত্ব বজায় রাখি। ছোটবেলা থেকেই তাই অভ্যেস। আর দেখুন সেই আমার ভাগ্যেই এই... একটু পরামর্শ দিন না স্যর।’
-‘তার আগে বলো, হবু শ্বশুরবাড়ি কেমন?’
-‘পাশেই বাড়ি। ওখানেই যাবার কথা ছিল। হবু শ্বশুরের সাথে আলাপ করার কথা আজ। উনি প্রাক্তন গোয়েন্দা পুলিশ। বছরখানেক আগে লালবাজার থেকে অবসর নিয়েছেন। আর সেখানেই আমার ভয়। পুলিশ মানেই জেল-হাজত, কোমরে দড়ি...’
-‘তার মানে আসল কারণ হল পুলিশ। ওসব মেয়েদের থেকে দূরত্ব-টুরত্ব ওসব বাজে কথা। কি তাইতো?’
-‘একদম বুলস আই। কি করে ধরলেন স্যর?’
-‘আরও কিছু কিছু ধরতে পারি। এই যেমন ছোট থেকে শুরু করে নিজের ব্যবসা’কে এখন বেশ শক্তপোক্ত জায়গায় নিয়ে যেতে পেরেছ, মূর্তি-নির্মাণ শিল্পে বেশ দক্ষতা অর্জন করেছ, আশ্রয়হীন- পথশিশুদের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছ...’
-‘দাঁড়ান স্যর দাঁড়ান। আপনি এতসব জানলেন কি করে? আমি তো বলিনি।’
-‘ব্রেনের গ্রে ম্যাটার কাজে লাগাও এবার।’
-‘স্যর, চরণ দুটো দেখি। একটু ধূলো নেব। নাহলে পরে জানতে পারলে আপনার কন্যা আমায় আস্ত রাখবে না।’
…(সমাপ্ত)…
অণুগল্প : ২
গল্প: আলাপচারিতা
লেখক: দিব্যেন্দু গড়াই
ছবি : দিব্যেন্দু গড়াই
প্রকাশ কাল : ২৬ শে জুলাই ২০২০
.jpg)

.jpg)
Follow Us